
বিয়ের দাবিতে অনড় স্কুলছাত্রী ও গৃহবধূ: জামালপুরে রহস্যজনক সমকামিতার ঘটনা
জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নে এক অস্বাভাবিক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজের কয়েকদিন পর উদ্ধার হওয়া দুই তরুণী একে অপরকে বিয়ের দাবিতে অনড় অবস্থান নিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, দিগপাইত পূর্বপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে।
নিখোঁজ হওয়া ছাত্রীর নাম আশামনি (১৫), সে স্থানীয় দিগপাইত ডি. কে স্কুলের দশম শ্রেণীর ছাত্রী। গত ৭ মার্চ সকালে শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে গিয়ে সে আর বাড়ি ফেরেনি। একই সময় এলাকা থেকে নিখোঁজ হন প্রতিবেশী ভাড়াটিয়া কাওছার মিয়ার স্ত্রী সাদিয়া আক্তার (১৭)। সাদিয়ার পৈতৃক বাড়ি কুড়িগ্রাম জেলার অনন্তপুর গ্রামে।
আশামনির পরিবারের দাবি, সাদিয়া দীর্ঘদিন ধরে তাদের বাড়িতে যাতায়াত করতেন। সাদিয়ার আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে আশামনির সাথে মিশতে নিষেধ করা হয়েছিল। অন্যদিকে, সাদিয়ার স্বামী মোঃ কাওছার জানান, বিয়ের ছয় মাস পর থেকেই সাদিয়ার মধ্যে আমূল পরিবর্তন আসে। সে মাথার চুল কেটে পুরুষের বেশ ধারণ করে চলাফেরা শুরু করে, যা নিয়ে পরিবারে প্রতিনিয়ত কলহ লেগেই থাকত। স্থানীয়দের ধারণা, সাদিয়া সমকামিতার দিকে ঝুঁকে পড়েছিলেন এবং প্রলোভন দেখিয়ে স্কুলছাত্রী আশামনিকে নিয়ে আত্মগোপন করেন।
দীর্ঘদিন নিখোঁজ থাকার পর পরিবারের সদস্যরা মুঠোফোনে যোগাযোগের মাধ্যমে তাদের বুঝিয়ে বাড়িতে ফিরিয়ে আনেন। তবে বাড়িতে আসার পর বাধে বিপত্তি। দুই তরুণীকে আলাদা করার চেষ্টা করা হলে তারা একে অপরকে ছেড়ে যেতে অস্বীকৃতি জানায়। প্রত্যক্ষদর্শীদের মতে, তারা বিয়ের দাবিতে একে অপরকে জড়িয়ে ধরে মাটিতে শুয়ে পড়ে এবং কান্নাকাটি শুরু করে।
পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। উৎসুক জনতা বিষয়টি দেখতে ভিড় জমাচ্ছেন।
Leave a Reply