
রামগঞ্জে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির আবাসিক ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে এমপি শাহাদাত হোসেন সেলিমের তাৎক্ষণিক নির্দেশনা
—————————————————————————
লক্ষ্মীপুরের রামগঞ্জে ঐতিহ্যবাহী ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির অষ্টম শ্রেণির আবাসিক ছাত্র মেহেদী হাসানের মৃত্যুকে কেন্দ্র করে একাডেমি প্রাঙ্গণে ভাঙচুর ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজ বিকেলে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে রাত ১১টা পর্যন্ত একাডেমি ও আবাসিক ভবনের সামনে উত্তেজনা বিরাজ করছে।
ছাত্র মেহেদী হাসানের মৃত্যুকে কেউ আত্মহত্যা বলে দাবি করছেন, আবার কেউ পিটিয়ে হত্যার অভিযোগ তুলছেন। তবে এখনো প্রকৃত ঘটনা উদ্ঘাটিত হয়নি। এরই মধ্যে একটি মহল ক্ষোভে এবং আরেকটি মহল প্রতিহিংসাবশত প্রতিষ্ঠানের গেট, সাইনবোর্ড ও বিভিন্ন মূল্যবান মালামাল ভাঙচুর এবং লুটপাট চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছে।
খবর পেয়ে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। তারা উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এদিকে, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম ঘটনাটি জানার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী, প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ এবং শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছেন। পাশাপাশি তিনি তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও একটি পোস্ট দিয়েছেন।
পোস্টে এমপি শাহাদাত হোসেন সেলিম বলেন—
“রামগঞ্জের উদয়পুরের ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ফরিদ আহমেদ ভুঁইয়া একাডেমি-এর আবাসিক হলে এক ছাত্রের মৃত্যুর খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। ঘটনার প্রকৃত সত্যতা ও মৃত্যুর সঠিক কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষা করা জরুরি।
এমন সংবেদনশীল পরিস্থিতিতে সকলের প্রতি অনুরোধ, যাচাই-বাছাই ছাড়া কোনো গুজব বা উসকানিমূলক তথ্য ছড়িয়ে না দিয়ে ধৈর্য ও সংযম বজায় রাখুন। পাশাপাশি, আবেগের বশবর্তী হয়ে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি না ঘটে, সেদিকেও সবাইকে সচেতন থাকতে হবে।
অত্র শিক্ষা প্রতিষ্ঠানে হাজার হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে এবং শিক্ষক-কর্মচারীসহ অসংখ্য পরিবার বসবাস করেন। তাই তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা আমাদের সকলের দায়িত্ব।
আমি প্রত্যাশা করি, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। শান্তি, শৃঙ্খলা ও সৌহার্দ্য বজায় রাখতে সকলের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি।”
Dainik tarun alo. Com
Leave a Reply