
আবু আলম (রাকিব)
শরীয়তপুর প্রতিনিধি।
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের অভিযোগে পরিচালিত মোবাইল কোর্টে দুই ব্যক্তিকে আট মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (১৫ জুন ২০২৬) রাত ৮টায় ডামুড্যা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সোহেলের বাড়িতে গাঁজা ব্যবহারের অভিযোগে গ্রেফতার হওয়া পাঁচজনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অভিযুক্তদের মধ্যে বিজয় আহমেদ ও রাজিয়া আদালতের কাছে নিজেদের অপরাধ স্বীকার করেন। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ধারা ৩৬(১)-এর সারণির ক্রমিক ২১ অনুযায়ী প্রত্যেককে আট মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। পরে সাজা পরোয়ানামূলে তাদের কারাগারে পাঠানোর জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়।
অপর তিনজন অভিযুক্ত আদালতে দাবি করেন, তারা ঘটনাস্থলে তোষক সেলাইয়ের কাজে গিয়েছিলেন এবং মাদক সেবন বা সংশ্লিষ্ট কোনো অপরাধের সঙ্গে জড়িত নন। তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার এবং প্রদত্ত ব্যাখ্যা সন্তোষজনক হওয়ায় আদালত ওই তিনজনকে অভিযোগ থেকে অব্যাহতি প্রদান করেন।
এ সময় ডামুড্যা থানার সাব-ইন্সপেক্টর আলমগীর মোবাইল কোর্টে প্রসিকিউশন উপস্থাপন করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদকের বিস্তার রোধে নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
Leave a Reply