
মোঃ সুজন আহম্মেদ পাবনা প্রতিনিধি :
পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের ময়দানদিঘী বাজার ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে অনলাইন জুয়ার আসর বসছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, কিছু প্রভাবশালী ব্যক্তি ও রাজনৈতিক নেতার ছত্রছায়ায় এসব কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি দুইজন কথিত অনলাইন জুয়ার এজেন্টকে স্থানীয়রা আটক করলে তারা নিজেদের “সাব-এজেন্ট” বলে পরিচয় দেয়। তাদের একজন মোঃ নাজমুল হাসান এবং অপরজন রাহমাতুল্লাহ কফিল বলে জানা গেছে।
এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় যুবসমাজ অনলাইন জুয়ার বিরুদ্ধে অবস্থান নিয়ে কয়েকজন জুয়াড়িকে আটক করার চেষ্টা করলে কৌশলে তাদের সরিয়ে দেওয়া হয়। এ সময় প্রতিবাদকারী যুবকদের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালানো হয় বলেও অভিযোগ রয়েছে। খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগ রয়েছে, বাজার কমিটির সভাপতি ও স্থানীয় কিছু রাজনৈতিক নেতার প্রভাবে অভিযুক্ত জুয়াড়িরা ঘটনাস্থল ত্যাগ করতে সক্ষম হয়। স্থানীয়রা জানান, ভাঙ্গুড়া থানাকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্তরা পালিয়ে যায়।
ঘটনার পর এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। সাধারণ জনগণের আশঙ্কা, অনলাইন জুয়ার বিস্তার ভবিষ্যৎ প্রজন্ম ও স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের বিপথে ঠেলে দিতে পারে।
এ বিষয়ে স্থানীয়রা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং অনলাইন জুয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
Leave a Reply