
মোঃ সুজন আহম্মেদ বিষেস প্রতিনিধি :
পাবনা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে চলমান অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পাবনা একটি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে।
পাবনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ ছূফি উল্লাহ’র নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ রেজিনূর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে অস্ত্র মামলার এক আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে আরও একটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, পাবনা থানার মামলা নং-৫২, তারিখ ২৬ এপ্রিল ২০২৬ ইং, অস্ত্র আইনে গ্রেফতারকৃত আসামি মোঃ জাহাঙ্গীর হোসেন (৩৬), পিতা-মৃত আবুল হোসেনের কাছ থেকে পূর্বে একটি বিদেশি রিভলভার, একটি ওয়ান শুটার গান, ৩৬ রাউন্ড ৭.৬২ মি.মি. তাজা গুলি এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। মামলাটি বর্তমানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পাবনা তদন্ত করছে।
তদন্তের স্বার্থে গ্রেফতারকৃত আসামিকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে সে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। পরে তার দেওয়া তথ্য ও দেখানো মতে সদর থানার চর তারাপুর ইউনিয়নের সুখচর গ্রামে অবস্থিত তার নির্মাণাধীন টিনশেড গোয়ালঘরে অভিযান চালানো হয়। সেখানে গোবরের ঘষির বস্তার ভেতর লুকিয়ে রাখা একটি বার্মিজ ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রটি বৃহস্পতিবার (০৮ মে) রাত ১টা ২০ মিনিটে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক তদন্তে ডিবি পুলিশ জানতে পেরেছে, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র চোরাচালান ও সরবরাহের সঙ্গে জড়িত ছিল এবং অত্যন্ত কৌশলে তার অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করছিল।
এদিকে, আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে আরও অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম অভিযান অব্যাহত রেখেছে। পাবনা জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
মোঃ সুজন আহম্মেদ
৮ ই মে ২০২৬
মোবাইল নং ০১৭১২১৬২৭৬৭
Leave a Reply