
রামগঞ্জে অবৈধ মাটি কাটার অভিযোগে ট্রলি আটক, মালিকের হুমকির অভিযোগ
লক্ষ্মীপুর রামগঞ্জ প্রতিনিধি :মো:নূর নবী সোহেল
লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার উত্তর বাঁশঘর এলাকায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটা ও সড়কের ক্ষতি করায় ক্ষুব্ধ গ্রামবাসী শনিবার সকালে একটি ট্রলি আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে সোনাপুর গ্রামের মানিক অবৈধভাবে মাটির ব্যবসা করে আসছেন। অভিযোগ রয়েছে, প্রায় ১৫-১৬ বছর ধরে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে তিনি এ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সরকারের পরিবর্তনের পরও তিনি দলীয় পরিচয় পরিবর্তন করে আবারও পুরোদমে মাটি কাটা শুরু করেন।
শনিবার সকালে পৌর এলাকার সোনাপুর মাঠ থেকে মাটি কেটে নিচরা গ্রামে একটি জলাশয় ভরাটের কাজ শুরু হলে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে একত্রিত হয়ে একটি ট্রলি আটক করে।
খবর পেয়ে ট্রলির মালিক মানিক ঘটনাস্থলে এসে ট্রলি আটককারীদের বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেন বলে অভিযোগ করেন গ্রামবাসী। পরে তিনি ট্রলির চাবি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
এ বিষয়ে মানিক বলেন, “আমি সবকিছু ম্যানেজ করেই মাটির ব্যবসা করছি। যারা বাধা দিচ্ছে, তাদের প্রত্যেককে এর ফল ভোগ করতে হবে। উত্তর বাঁশঘরের বাসিন্দাদের সোনাপুর এলাকা দিয়ে যাতায়াত করতে হবে—একজন একজন করে ধরে ক্ষতিপূরণ আদায় করা হবে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, অবৈধভাবে মাটি কাটা বন্ধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।
Dainik tarun alo. Com
Leave a Reply